গোপাল সিং, খোয়াই, ১৩ আগস্ট || ভারত সরকারের ‘নেশা মুক্ত ভারত অভিযান (NMBA)’-এর পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে দেশজুড়ে পালিত হলো বিশেষ শপথগ্রহণ কর্মসূচি। সেই আহ্বানে সাড়া দিয়ে বুধবার খোয়াই জেলার দুটি গুরুত্বপূর্ণ দপ্তর—স্বাস্থ্য ও শিক্ষা—একযোগে নেশার বিরুদ্ধে গর্জে উঠল। সুস্থ ও নেশামুক্ত সমাজ গড়ার দৃঢ় অঙ্গীকার নিয়ে পৃথক দুটি অনুষ্ঠানে শপথ নিলেন উভয় দপ্তরের আধিকারিক ও কর্মীরা।
এদিন দুপুর ১২টায় খোয়াই জেলা শিক্ষা দপ্তরের কার্যালয়ে এক অনুষ্ঠানে উপস্থিত সকলে নেশামুক্তির শপথ গ্রহণ করেন। এই শপথগ্রহণ কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা শিক্ষা দপ্তরের ওএসডি হৃষীকেশ দেববর্মা এবং নেশা মুক্ত ত্রিপুরা সেলের ইনচার্জ সৌর প্রতিম শর্ম্মা। দপ্তরের অন্যান্য পদাধিকারী ও কর্মীরাও এই কর্মসূচিতে সামিল হন। একইভাবে, খোয়াইয়ের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের (CMO) কার্যালয়েও স্বাস্থ্যকর্মীরা নেশার বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের সামিল করেন। তাঁরা ব্যক্তি জীবন থেকে সমাজকে নেশার ভয়াবহ প্রভাব থেকে মুক্ত রাখতে এবং এই বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার অঙ্গীকার করেন।
স্বাস্থ্য ও শিক্ষা—সমাজের এই দুটি মূল স্তম্ভের একযোগে এই শপথগ্রহণ কর্মসূচি খোয়াই জেলায় ‘নেশা মুক্ত ভারত অভিযান’-কে এক নতুন গতি দেবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
