গন্ডাছড়ায় পাঁচ লাখি বাজেটে শারদীয়া দুর্গোৎসবের প্রস্তুতি জোর কদমে

সুব্রত দাস, গন্ডাছড়া, ২২ সেপ্টেম্বর || ধলাই জেলার গন্ডাছড়া মহকুমা সদরে চলতি বছরের শারদীয়া দুর্গোৎসব ঘিরে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। গন্ডাছড়া মার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগে এবারে পাঁচ লাখি বাজেটের দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। স্থানীয় ব্যবসায়ী ও যুবসমাজ অভাব-অনটনের মাঝেও উদ্যোগী হয়ে মৃন্ময়ী মায়ের আরাধনায় এগিয়ে এসেছে।
পূজা কমিটির সম্পাদক সুশান্ত দাস জানান, “গোটা পূজার বাজেট পাঁচ লক্ষ টাকা। মণ্ডপ ও প্রতিমা নির্মাণে স্থানীয় শিল্পীদেরই সুযোগ দেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, মাতৃ আরাধনার মূল উদ্দেশ্য বিশ্বশান্তির প্রার্থনা এবং সমাজে ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া।
পূজার অন্যতম আকর্ষণ হবে আটজন ঢাকির দল। এছাড়া প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকছে। পূজা প্যান্ডেল নির্মাণের কাজ চলছে দ্রুতগতিতে, যা কাল্পনিক মন্দিরের আদলে সাজানো হচ্ছে।
পূজা উপলক্ষে নানা সামাজিক কর্মসূচিরও পরিকল্পনা করেছে গন্ডাছড়া বাজার ব্যবসায়ী সমিতি। রবিবার মহালয়ার শুভ প্রভাতে মহকুমাজুড়ে এক বর্ণাঢ্য ৱ্যালি অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল আটটায় বাজারের ক্রেতা-বিক্রেতাদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। বেলা বারোটায় বন দপ্তরের সহযোগিতায় গন্ডাছড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়, ডিগ্রী কলেজ ও মহকুমা শাসক দপ্তর প্রাঙ্গণে শতাধিক বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হয়েছে।
সমিতির সম্পাদক তরুণ দেবনাথ বলেন, “পুজোকে কেন্দ্র করে আমরা শুধু আনন্দ নয়, সমাজসেবার দিকটিতেও জোর দিয়েছি।”
পূজা কমিটির কর্মকর্তা জয়ন্ত দেবনাথ জানান, “প্যান্ডেল ও প্রতিমা সাজসজ্জার পাশাপাশি ঢাকিদের বাজনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানই হবে মূল আকর্ষণ।”
জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের ঐক্য ও শান্তির বার্তা নিয়েই এ বছরের দুর্গোৎসব উদযাপন করবে গন্ডাছড়া বাজার ব্যবসায়ী সমিতি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*