আপডেট প্রতিনিধি, কমলপুর, ১৮ ডিসেম্বর || কমলপুরের নাকফুল এলাকায় অবস্থিত অপরেশকর ইটভাটায় সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের পরিবারগুলোর পাশে দাঁড়াল রাজ্য সরকার। ধলাই জেলা প্রশাসনের মাধ্যমে এক্স-গ্রেশিয়া সহায়তা হিসেবে মোট ২৫.১৬ লক্ষ টাকা এককালীন অনুদান মঞ্জুর করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় নিহত ৫ জন শ্রমিকের পরিবারকে প্রত্যেককে ৪ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি, গুরুতর ও সামান্য আহত শ্রমিকদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য এসডিআরএফ (SDRF) তহবিল থেকে নির্ধারিত আর্থিক সহায়তাও অনুমোদন করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোই সরকারের প্রধান লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে সহায়তার অর্থ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, বুধবার কমলপুরের নাকফুল এলাকার অপরেশকর ইটভাটায় আচমকা একটি অংশ ধসে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ঘটনায় ঘটনাস্থলেই ৫ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয় এবং আরও তিনজন শ্রমিক গুরুতরভাবে আহত হন। আকস্মিক এই দুর্ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এই কঠিন সময়ে রাজ্য সরকারের আর্থিক সহায়তার ঘোষণায় কিছুটা হলেও স্বস্তি পেলেন নিহত ও আহত শ্রমিকদের পরিবারগুলো।
