আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি || আগরতলা থেকে কৈলাসহরগামী একটি যাত্রীবাহী বাস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। সোমবার ২০৮ নম্বর জাতীয় সড়কের সাইকাবাজার এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় অন্তত কুড়িজন যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়েছে।
জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত বাসটির নম্বর TR-01C-1481। হঠাৎ করে নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় মানুষজন দ্রুত উদ্ধারকাজে নেমে পড়েন। পরে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়।
দুর্ঘটনার ফলে এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।
