সোনাই ইউনিটি ক্লাবকে ৪৬ রানে হারিয়ে প্রথমবার ফাইনালে সাতচাঁদ সমাজ শিক্ষা ক্লাব

নবারুণ চক্রবর্তী, সাব্রুম, ০৬ সেপ্টেম্বর || সাবরুম ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত পূর্ণেন্দু দত্ত মেমোরিয়াল সিনিয়র ডিভিশন ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে দুর্দান্ত জয় তুলে নিয়ে ইতিহাস গড়ল সাতচাঁদ সমাজ শিক্ষা ক্লাব। সোনাই ইউনিটি ক্লাবকে ৪৬ রানে পরাজিত করে টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে তারা।
বৃষ্টির কারণে দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচটি ২৯ ওভারে নামিয়ে আনা হয়। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় সোনাই ইউনিটি ক্লাব। ব্যাট করতে নেমে প্রথম ওভারেই রাজেশের উইকেট হারিয়ে চাপে পড়ে সাতচাঁদ সমাজ শিক্ষা ক্লাব। তবে সেই প্রাথমিক ধাক্কা সামলে দলের ইনিংসকে এগিয়ে নিয়ে যান প্রসেনজিৎ পাল ও সোমেন দে।
দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় সাতচাঁদ সমাজ শিক্ষা ক্লাব। প্রসেনজিৎ পাল ৫৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন, অন্যদিকে সোমেন দে করেন ৩২ রান। শেষ পর্যন্ত ২৬ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে সাতচাঁদ সমাজ শিক্ষা ক্লাব। সোনাই ইউনিটি ক্লাবের হয়ে জয়দেব নাথ ৪টি উইকেট দখল করেন।
জয়ের জন্য ১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই সাতচাঁদ সমাজ শিক্ষা ক্লাবের বোলারদের চাপে পড়ে যায় সোনাই ইউনিটি ক্লাব। নজর ত্রিপুরা ও তপন ত্রিপুরার দুর্দান্ত বোলিংয়ের সামনে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত মাত্র ৯৮ রানেই গুটিয়ে যায় সোনাই ইউনিটি ক্লাবের ইনিংস।
সাতচাঁদ সমাজ শিক্ষা ক্লাবের হয়ে নজর ত্রিপুরা ৪টি এবং তপন ত্রিপুরা ৩টি উইকেট তুলে নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ফলে ৪৬ রানের ব্যবধানে জয় নিশ্চিত করে প্রথমবারের মতো পূর্ণেন্দু দত্ত মেমোরিয়াল সিনিয়র ডিভিশন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে যায় সাতচাঁদ সমাজ শিক্ষা ক্লাব। ঐতিহাসিক এই সাফল্যে দলের খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*