আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ সেপ্টেম্বর || ন্যাশনাল ইউথ প্রজেক্টের উদ্যোগে এবং ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় আয়োজিত দশ দিনব্যাপী নৃত্য প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। কর্মশালার অন্তিম দিনে সন্ধ্যায় এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের পূর্ব জোনের চেয়ারম্যান ও ২৪ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সুখময় সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমিত ভৌমিক, ‘অমর বার্তা’ পত্রিকার বার্তা সম্পাদক অমিয় সিনহা, ন্যাশনাল ইউথ প্রজেক্ট কাউন্সিলের সম্পাদক দীপক কুমার সিনহা এবং বিশিষ্ট শিক্ষাবিদ সুশীল বণিক।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল ইউথ প্রজেক্ট কাউন্সিলের সম্পাদক দীপক কুমার সিনহা। বক্তারা বলেন, নৃত্য ও সংস্কৃতির চর্চা শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ধরনের উদ্যোগ আগামী দিনেও অব্যাহত রাখার আহ্বান জানান তাঁরা।
দশ দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষিকা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আশালতা দেবদাস। তাঁর এই উদ্যোগ ও প্রশিক্ষণদানের জন্য অনুষ্ঠানে সম্মাননা জ্ঞাপন করেন প্রধান অতিথি সুখময় সাহা। অন্যান্য অতিথিরাও প্রশিক্ষিকা ও আয়োজকদের এই নান্দনিক উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। নৃত্য পরিবেশনার মাধ্যমে তারা নিজেদের প্রতিভা তুলে ধরে উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়িয়ে নেয়। সবশেষে কর্মশালায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর হাতে শংসাপত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে দশ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
