বাইখোড়া কমিউনিটি হলে ৬৫তম ব্লকভিত্তিক শিক্ষক দিবস উদযাপন, অবসরপ্রাপ্ত শিক্ষক ও মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৭ সেপ্টেম্বর || যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার বাইখোড়া কমিউনিটি হলে উদযাপিত হলো ৬৫তম ব্লকভিত্তিক শিক্ষক দিবস। জোলাইবাড়ী ব্লকের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সূচনায় বৃক্ষের গোড়ায় জল প্রদান এবং ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান করেন রামকৃষ্ণ মিশনের ভাইস প্রেসিডেন্ট স্বামী সচিদানন্দজি মহারাজ। তিনিই অনুষ্ঠানের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, ভাইস চেয়ারম্যান কেশব চৌধুরী, দক্ষিণ জেলা পরিষদের সদস্য শম্ভু মানিক-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা শিক্ষক দিবসের তাৎপর্য ও সমাজ গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। শিক্ষকরা শুধু শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞান প্রদান করেন না, তাঁদের ভবিষ্যৎ জীবন গঠনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে বক্তারা উল্লেখ করেন।
শিক্ষক দিবস উপলক্ষে অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচিরও আয়োজন করা হয়। পাশাপাশি অবসরপ্রাপ্ত শিক্ষক এবং মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়।
জোলাইবাড়ী ব্লকভিত্তিক এই শিক্ষক দিবসের অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয় থেকে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো অনুষ্ঠানকে ঘিরে উপস্থিত সকলের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*