গোপাল সিং, খোয়াই, ০৭ সেপ্টেম্বর || খোয়াই শহরজুড়ে বর্তমানে আনন্দমেলা ও সার্কাসের জমজমাট আবহ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত মেলা প্রাঙ্গণ ও সংলগ্ন রাস্তাগুলিতে উপচে পড়া ভিড় সামলাতে গিয়ে কার্যত দিশেহারা প্রশাসনিক ব্যবস্থা। উৎসবের এই আবহে শহরের নিরাপত্তাব্যবস্থা ভেঙে পড়ার অভিযোগ উঠছে। সন্ধ্যার পর থেকে যানজট, বেপরোয়া বাইক চালনা থেকে শুরু করে শ্লীলতাহানি ও নিখোঁজ হওয়ার একাধিক ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে। শহরজুড়ে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত থাকছে উপচেপড়া ভীড়। আর এই মেলাকে কেন্দ্র করেই খোয়াইজুড়ে একের পর এক ঘটনা ঘটে চললেও, পুলিশ প্রশাসন নীরব। শহরের নিরাপত্তায় ব্যর্থ পুলিশ প্রশাসন ব্যস্ত অন্যদিকে। যেকারনে একের পর এক শ্লীলতাহানী ও ধর্ষনের মতো ঘটনাও ঘটে চলছে খোয়াইতে।
তবে গোটা খোয়াইজুড়ে সন্ধ্যার পর থেকে ট্রাফিক জ্যামের কারণে দীর্ঘক্ষণ মানুষকে হয়রানীর শিকার হতে হচ্ছে। এই মেলা চলাকালীন ট্রাফিক নিয়ন্ত্রণেও ব্যর্থ ট্রাফিক দপ্তর। সব মিলিয়ে হজবরল অবস্থা খোয়াইতে। তাছাড়া মাত্রারিক্ত গতিতে বাইক চালানো, তাও হেলমেটবিহীন, এখন নিত্যদিনের সঙ্গী। পুলিশের চোখের সামনে দিয়েই নাবালকরা শহর ও শহরতলীতে বিকট আওয়াজে অধিক গতিতে বাইক নিয়ে দাপিয়ে বেড়ায়। টমটম এবং অটোর পেসেঞ্জার নিয়ে প্রতিযোগিতায় পথচলতি মানুষদের ঝুঁকির মধ্যে ফেলে দিলেও – আরক্ষা প্রশাসন নীরব। এদিকে খোয়াই শহরের সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা নিয়ে চরম অসন্তোষ দেখা দিয়েছে। মেলা চলাকালীন সন্ধ্যার পর থেকে মূল সড়কগুলিতে দীর্ঘ যানজট নিত্যদিনের চিত্রে পরিণত হয়েছে। অভিযোগ, ট্রাফিক দপ্তর নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ। এছাড়া হেলমেট ছাড়া অপ্রাপ্তবয়স্কদের বিকট শব্দে বেপরোয়া গতিতে বাইক চালানো, এবং যাত্রী তোলার প্রতিযোগিতায় অটো ও টমটমের ঝুঁকিপূর্ণ চলাচলে পথচারীদের জীবন বিপন্ন হয়ে উঠছে। পুলিশের চোখের সামনে এসব অনিয়ম চললেও ট্রাফিক ও আরক্ষা প্রশাসন নীরব ভূমিকা পালন করছে বলে তোপ দেগেছেন খোয়াইবাসী।
যদিও এই চরম পরিস্থিতির মধ্যেও খোয়াই মহিলা থানা দুটি গুরুত্বপূর্ণ মামলার দ্রুত কিনারা করেছে। আজ খোয়াই মহিলা থানায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ওসি মিনা দেববর্মা জানান, থানায় এক নাবালিকা নিখোঁজের ডায়রি দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার সাথে সাথেই তদন্তে নেমে গতকালই নিখোঁজ নাবালিকাকে উদ্ধার করার পাশাপাশি অপহরণে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয় যার মামলা নম্বর: Khowai Women PS case no. 2026WKH022, U/S- 137(2) BNS, 2023)। আজ ধৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।
অন্য একটি ঘটনায়, অটোতে করে খোয়াই শহরে আসার পথে এক যুবতী চরম শ্লীলতাহানির শিকার হন। অটোতে থাকা অন্য তিন যাত্রী তাঁর ওপর নির্যাতন চালায়। অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত তদন্ত চালিয়ে তিন অভিযুক্তকেই গ্রেফতার করে পুলিশ (মামলা নম্বর: Khowai W/PS case no- 2026WKH023, U/S 74/75(1)(i)(iv)/3(5) BNS, 2023)। আজ তাদেরও আদালতে পাঠানো হয়েছে। মহিলা থানার এই সাফল্যকে সাধুবাদ জানালেও, মেলা চলাকালীন সময়ে শহরের মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা, ট্রাফিক নিয়ন্ত্রণ জোরদার করা এবং অপ্রাপ্তবয়স্ক বাইক চালকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি জানিয়েছেন খোয়াইয়ের সর্বস্তরের নাগরিকরা।
