বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৭ সেপ্টেম্বর || দক্ষিণ ত্রিপুরার বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথ জিউ মন্দিরে ব্যাপক উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো জন্মাষ্টমী উৎসব। মন্দিরের প্রভুজী করুনেশ্বর মাধব দাসের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ধর্মীয় রীতিনীতি মেনে ৫০০-রও বেশি ব্রতী অংশগ্রহণ করেন। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাতে মন্দির প্রাঙ্গণে হাজার হাজার ভক্তের সমাগমে উৎসবের পরিবেশ সৃষ্টি হয়।
বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথ জিউ মন্দিরে সারা বছরই বিভিন্ন ধর্মীয় ও আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ করে এই মন্দিরের রথযাত্রা ত্রিপুরার অন্যতম বৃহৎ রথযাত্রা হিসেবে পরিচিত। প্রভুজী করুনেশ্বর মাধব দাসের নিরলস প্রচেষ্টায় মন্দিরটির পরিচিতি রাজ্যের গণ্ডি ছাড়িয়ে বহির্রাজ্য এবং দেশের বাইরেও পৌঁছেছে। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজ্য ও বহির্রাজ্য থেকে ভক্তদের পাশাপাশি দেশের বাইরের ভক্তদেরও সমাগম ঘটে।
জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এবারের অনুষ্ঠানেও ছিল নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান। শুক্রবার রাতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মন্দিরে ভক্তদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। দূরদূরান্ত থেকে আগত ভক্তরা ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে পুজো ও প্রার্থনায় সামিল হন। আগত ভক্তদের জন্য মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রসাদের ব্যবস্থাও করা হয়।
শনিবার ধর্মীয় রীতিনীতি মেনে নন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। পুরো অনুষ্ঠানকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচি ও মন্দিরের ধর্মীয় কর্মকাণ্ড সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে বিস্তারিত জানান জগন্নাথ জিউ মন্দিরের প্রভুজী করুনেশ্বর মাধব দাস।
