সিপিআই(এম) অঞ্চল সম্পাদকের গাড়ির ধাক্কায় গুরুতর আহত যুবক, উত্তেজনা

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৭ জানুয়ারি || শনিবার দুপুর আনুমানিক ২টা নাগাদ শান্তির বাজার পূর্ব পাড়া এলাকায় একটি ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। অভিযোগ, টি আর ০৮ ০৫৩৮ নম্বরের একটি গাড়ি বেপরোয়া ও অতিরিক্ত গতিতে চলতে গিয়ে শান্তুনু চৌঁধুরী নামে এক যুবককে সজোরে ধাক্কা দেয়। ওই ঘটনায় শান্তুনু গুরুতরভাবে আহত হন। প্রত্যক্ষদর্শীদের দাবি, একই গাড়িটি আরও কয়েকজনকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত গাড়িটির পিছু ধাওয়া করে বেতাগা এলাকা থেকে সেটিকে আটক করেন। স্থানীয়দের অভিযোগ, গাড়িটিতে থাকা শান্তির বাজার সি পি আই এম অঞ্চল কমিটির সম্পাদক আশুতোষ দেবনাথ এবং গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন। তাঁদের বেপরোয়া গাড়ি চালানোর ফলে ইচ্ছাকৃতভাবে পথচারীদের পিষে মারার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ ওঠে।

ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয়রা শান্তির বাজার থানায় জড়ো হন। পরে অভিযুক্ত গাড়ি চালকের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গাড়ি চালককে আটক করে বিলোনিয়া থানায় রাখা হয়েছে। পুলিশের আশ্বাসের পর পরিস্থিতি শান্ত হলে বিক্ষুব্ধ জনতা থানা চত্বর ত্যাগ করেন।

এদিকে, স্থানীয়দের একটাই দাবি—এই ঘটনার সঙ্গে যুক্ত গাড়ি চালক ও আশুতোষ দেবনাথের বিরুদ্ধে আইনানুগ ও কঠোর পদক্ষেপ গ্রহণ করুক পুলিশ। এখন দেখার বিষয়, এই ঘটনায় পুলিশ কী ধরনের ব্যবস্থা গ্রহণ করে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*