আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি || বুধবার আগরতলার তুলসিবতী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে রাজ্যের শিক্ষা ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হল। ত্রিপুরার ২১০টি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে ব্যক্তিগতকৃত অভিযোজিত শিক্ষা ল্যাব (PAL Lab) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ছাত্রছাত্রীদের শেখার মান আরও উন্নত করা সম্ভব হবে। PAL ল্যাব চালুর ফলে শিক্ষার্থীরা নিজেদের শেখার ক্ষমতা ও গতির সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা সচিব মিলিন্দ ধরম রামটেক, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অধিকর্তা এন সি শর্মা, প্রাথমিক শিক্ষা অধিকর্তা রাজীব দত্ত, অধিকর্তা এল ডারলং সহ শিক্ষা দপ্তরের অন্যান্য আধিকারিক ও বিশিষ্টজনেরা।
উল্লেখ্য, PAL ল্যাবের মাধ্যমে ডিজিটাল ও ব্যক্তিগতকৃত শিক্ষার প্রসার ঘটিয়ে রাজ্যের শিক্ষাব্যবস্থাকে আরও যুগোপযোগী করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানান সংশ্লিষ্ট আধিকারিকরা।
