নেশা বিরোধী বার্তায় খোয়াইয়ে শুরু সেভেন এ সাইড নকআউট ক্রিকেট টুর্নামেন্ট

গোপাল সিং, খোয়াই, ২৯ জানুয়ারি || জীবন একটাই, তাকে ভালোবাসুন এবং মাদক থেকে দূরে থাকুন—এই শক্তিশালী সামাজিক বার্তাকে সামনে রেখে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ খোয়াই জেলা পরিষদের মাঠে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল খোয়াই জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত সেভেন এ সাইড নকআউট ক্রিকেট টুর্নামেন্ট।
খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে সুস্থ জীবনধারার প্রতি উদ্বুদ্ধ করতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়, খোয়াই জেলার জেলাশাসক রজত পন্থ, অতিরিক্ত জেলা শাসক অভেদানন্দ বৈদ্য, খোয়াই জেলার পুলিশ সুপার রানাদিত্য দাস, খোয়াই পৌর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথ শর্মা, ভাইস চেয়ারপার্সন নিবাস কান্তি সাহা সহ অন্যান্য জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা।
বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা বলেন, খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে যুব সমাজকে নেশার কুপ্রভাব থেকে দূরে রাখা সম্ভব। এই ধরনের উদ্যোগ নেশা মুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উদ্বোধনী পর্ব শেষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। মাঠজুড়ে ছিল দর্শকদের ব্যাপক উৎসাহ ও প্রাণবন্ত পরিবেশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*