আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি || মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রাক্তন এক প্রধানশিক্ষকের মৃত্যু হয়েছে। জানা গেছে, বুধবার মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়ার এসকর্টে থাকা একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান অমর চাঁদ চৌধুরী। তিনি বিশালগড় পূর্ব লক্ষ্মীবিল এলাকার বাসিন্দা এবং পেশায় প্রাক্তন প্রধানশিক্ষক ছিলেন।
ঘটনাটি ঘটে বিশালগড় বাইপাস সড়কের লকডাউন বাজার এলাকায়। প্রত্যক্ষদর্শীদের মতে, দ্রুতগতিতে চলা এসকর্ট গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী অমর চাঁদ চৌধুরীকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অমর চাঁদ চৌধুরীর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
