আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি || রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন ও শ্রম দপ্তরের যৌথ উদ্যোগে আগরতলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কম বয়সী শিশুদের শ্রমে নিয়োজিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বুধবার পরিচালিত এই অভিযানে মোট চার জন নাবালককে উদ্ধার করতে সক্ষম হয় প্রশাসন।
অভিযানে সরাসরি উপস্থিত ছিলেন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন শ্রীমতী জয়ন্তী দেববর্মা। তাঁর নেতৃত্বে সংশ্লিষ্ট আধিকারিকরা বিভিন্ন দোকান ও কর্মস্থলে পরিদর্শন চালান, যেখানে নাবালক শিশুদের বেআইনিভাবে কাজে নিয়োজিত করা হয়েছিল।
উদ্ধার হওয়া শিশুদের প্রাথমিক চিকিৎসা ও কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাদের নিরাপদ আশ্রয়ে পাঠানো হয়েছে। একই সঙ্গে শিশু শ্রমে যুক্ত নিয়োগকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানানো হয়েছে।
শিশু কমিশনের পক্ষ থেকে জানানো হয়, শিশু শ্রমের বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং শিশুদের অধিকার রক্ষায় সরকার কঠোর অবস্থান নিয়েছে।
