আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারী || আগরতলা পুর নিগমের চার বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার নিগমের ৪ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি বলেন, শহরবাসী কারণে-অকারণে জল অপচয় করায় সকল বাড়িতে পরিশোধিত পানীয় জল পৌঁছে দেওয়া সম্ভব হয়ে উঠছে না। এই পরিস্থিতিতে নাগরিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
৪ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সুপর্ণা দেবনাথের উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মেয়রের পাশাপাশি উপস্থিত ছিলেন বড়জলা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক দিলীপ দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
উল্লেখ্য, আগরতলা পুর নিগমের চার বছর পূর্তি উপলক্ষে প্রতিটি ওয়ার্ডেই বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন করা হচ্ছে। তারই অঙ্গ হিসেবে এদিনের এই মানবিক কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রায় শতাধিক নাগরিকের হাতে শীতবস্ত্র তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানের মাধ্যমে একদিকে যেমন মানবিক সহায়তার বার্তা দেওয়া হয়েছে, তেমনি অন্যদিকে জল সংরক্ষণ ও সঠিক ব্যবহারের বিষয়ে শহরবাসীর মধ্যে সচেতনতা গড়ে তোলার উপরও জোর দেওয়া হয়।
