আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারী || ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগপত্র প্রদানের দাবিতে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন একদল চাকরিপ্রার্থী। দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়া সত্ত্বেও নিয়োগপত্র না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন তাঁরা।
বিক্ষোভকারীরা জানান, একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরের দ্বারস্থ হয়েও কোনও সুনির্দিষ্ট আশ্বাস মেলেনি। ফলে বাধ্য হয়েই মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে তাঁরা বাসভবনের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভে সামিল হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ বিক্ষোভকারীদের বুঝিয়ে সরিয়ে দেয়। পরে তাঁদের পুলিশ গাড়িতে তুলে অন্যত্র নিয়ে যাওয়া হয়। যদিও এই ঘটনায় কোনও অপ্রীতিকর পরিস্থিতির খবর মেলেনি।
এদিকে চাকরিপ্রার্থীরা স্পষ্ট জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে এবং প্রয়োজনে আগামী দিনে আরও বৃহত্তর কর্মসূচির পথে যাবে।
