বিশ্রামগঞ্জে খুদে শিশুর মহতী উদ্যোগ: কাদা-আবর্জনার মাঝে স্বচ্ছতার অনন্য পাঠ দিল রাজকুমার পাড়ার এক শিশু ও স্থানীয় কিশোরীরা

গোপাল সিং, খোয়াই, ৩১ মার্চ || সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জে কেন নগর পঞ্চায়েত হলো এনিয়ে বুবাগ্রা চিন্তিত! অথবা কেন মেলা প্রাঙ্গন গোরালি পর্যন্ত কাদায় পূর্ণ? তা নিয়ে সমালোচকরা ব্যস্ত! কিন্তু আজ এই সমস্ত খবরকে ছাপিয়ে নেটিজেনদের নজর কেড়েছে বিশ্রামগঞ্জ রাজকুমার পাড়ার এক জনজাতি খুদে শিশুর অসাধারণ এক ভিডিও।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, সমাজের তথাকথিত সচেতন মানুষদের ফেলে দেওয়া আবর্জনায় যখন ড্রেনের জলনিকাশি ব্যবস্থা রুদ্ধ হয়ে পড়েছে, তখন সেই ড্রেন পরিষ্কারে নেমেছে এই শিশুটি। কারণ ড্রেনে জল জমে তার বাড়ীতেও নুংরা জল প্রবেশ করেছিল। তাছাড়া বৃষ্টির তোড়ে ড্রেন উপচে জল রাস্তায় চলে আসায় সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছিল। ঠিক সেই মুহূর্তে মায়ের উপস্থিতিতে ছোট্ট শিশুটি একটি বাঁশের কঞ্চির সাহায্যে ড্রেনের সমস্ত ময়লা-আবর্জনা পরিষ্কার করে জল চলাচলের পথ করে দিচ্ছে। স্থানীয় কিশোরীরাও কোদাল হাতে ড্রেন পরিষ্কারে হাত লাগায়।
আজকের এই দৃশ্যটি সমাজের সেইসব অসচেতন মানুষদের জন্য এক বড় শিক্ষা, যারা ড্রেন বা নর্দমায় যত্রতত্র প্লাস্টিক ও বর্জ্য ফেলে পরিবেশ দূষিত করেন। জাতির জনক মহাত্মা গান্ধী’র স্বচ্ছতার যে মূল মন্ত্র, তারই এক বাস্তব প্রতিফলন দেখা গেল এই জনজাতি শিশুর কর্মকাণ্ডে।
বিশ্রামগঞ্জের রাজকুমার পাড়ার এই খুদে শিশু ও কিশোরীরা আজ নিঃশব্দে সমাজকে এক স্বচ্ছতার বার্তা দিয়ে রাখল। সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই ওই শিশুর প্রশংসা ও কুর্নিশ জানাচ্ছে সাধারণ মানুষ। অবোধ শিশুর এই সচেতনতা কি বড়দের বিবেককে নাড়িয়ে দেবে? এমনটাই এখন প্রশ্ন সচেতন মহলে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*