বাইখোড়ায় নাবালিকা ‘গৃহবধূ’ উদ্ধার, নাবালিকা বিবাহ রোধে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০১ এপ্রিল || দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার বাইখোড়া এলাকায় নাবালিকা বিবাহের এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এলো। গোপন সূত্রে খবর পেয়ে চাইল্ড লাইনের উদ্যোগে এক নাবালিকা ‘গৃহবধূ’-কে উদ্ধার করা হয়েছে।
জানা যায়, বাইখোড়া পশ্চিম চড়কবাই এলাকার বাসিন্দা রতন নন্দীর ছেলে নিলেশ নন্দী এক নাবালিকা মেয়েকে নিয়ে সংসার করছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসতেই দ্রুত পদক্ষেপ নেয় দক্ষিণ জেলার চাইল্ড লাইন কর্তৃপক্ষ। সঙ্গে শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছান। ডি সি এম কাকলী সাহা সহ অন্যান্য কর্মকর্তারা নিলেশ নন্দীর বাড়িতে গিয়ে ওই নাবালিকাকে উদ্ধার করে সুরক্ষার জন্য হোমে পাঠান।
তবে এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। উদ্ধার অভিযানের পর ডি সি এম কাকলী সাহা সংবাদমাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে চাননি, যা নিয়ে জনমনে কৌতূহল ও সন্দেহ তৈরি হয়েছে।
উল্লেখ্য, নাবালিকা বিবাহ রোধে দক্ষিণ জেলা প্রশাসন নানা পদক্ষেপ গ্রহণ করলেও, বাস্তবে অনেক ক্ষেত্রেই তা কার্যকর হচ্ছে না বলে অভিযোগ। প্রশাসনের চোখ এড়িয়ে এখনও বহু নাবালিকা বিবাহ সংঘটিত হচ্ছে বলে স্থানীয়দের দাবি।
এদিকে, শুধুমাত্র নাবালিকাকে উদ্ধার করাই কি প্রশাসনের দায়িত্বের শেষ, নাকি এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে—সেই দিকেই তাকিয়ে রয়েছে এলাকার মানুষ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*