আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল || তেলিয়ামুড়া মহকুমার করইলং এলাকায় মঙ্গলবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত চারজন যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন। জানা গেছে, একটি সবজি বোঝাই টমটমের সঙ্গে খোয়াই দিক থেকে আসা অপর একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে টমটমটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
