আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ মে || ত্রিপুরা চা উন্নয়ন নিগমের উদ্যোগে এই প্রথমবারের মতো রাজ্যে চা দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে চা শিল্পের বিকাশ, উৎপাদন বৃদ্ধি এবং চা চাষিদের উন্নয়নকে গুরুত্ব দিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর ঘোষ, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। অতিথিরা চা শিল্পের গুরুত্ব তুলে ধরে বলেন, ত্রিপুরার অর্থনীতি ও কর্মসংস্থানের ক্ষেত্রে চা শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে চা উৎপাদনের মানোন্নয়ন, বিপণন ব্যবস্থা শক্তিশালী করা এবং স্থানীয় চা শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি চা চাষিদের স্বার্থ রক্ষায় ভবিষ্যতে আরও বিভিন্ন উদ্যোগ গ্রহণের আশ্বাসও দেওয়া হয়।
এই প্রথমবার চা দিবস উদযাপনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপস্থিত অতিথি ও সংশ্লিষ্টরা। তাদের মতে, এর মাধ্যমে রাজ্যের চা শিল্প নতুন দিশা পাবে এবং চা চাষিদের মধ্যে উৎসাহ আরও বৃদ্ধি পাবে।
