গোপাল সিং, খোয়াই, ১৯ এপ্রিল || টিটিএএডিসি নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই খোয়াই জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে রাজনৈতিক প্রতিহিংসা ও হিংসাত্মক কার্যকলাপ। রামচন্দ্রঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী ডেভিড দেববর্মা এবং বুথ সভাপতির বাড়িতে হামলার ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। আজ ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায় এবং বিধায়ক পিণাকী দাস চৌধুরী।
অভিযোগ উঠেছে, নির্বাচনের ফল প্রকাশের পর রামচন্দ্রঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী ডেভিড দেববর্মার রতনপুরের বাড়িতে একদল দুষ্কৃতী চড়াও হয়। ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি পরিবারের সদস্যদের আতঙ্কিত করে তোলা হয়। অন্যদিকে, আমপুরায় বিজেপির বুথ সভাপতি দ্বীপায়ন দেববর্মার বাড়িতেও হামলার ঘটনা ঘটেছে। সেখানে বৃদ্ধ পিতা-মাতাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এদিন ঘটনাস্থল পরিদর্শনের পর মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক পিণাকী দাস চৌধুরী এবং বিজেপি নেতা বিপিন দেববর্মা খোয়াই জেলা কার্যালয়ে যান। সেখানে হামলার আশঙ্কায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বহু বিজেপি কর্মী ও নেতা প্রাণ রক্ষার্থে আশ্রয় নিয়েছেন। মন্ত্রী তাঁদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন। পরিদর্শন শেষে বিজেপি খোয়াই জেলা কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী টিঙ্কু রায় মুলত শান্তি-সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
