গোপাল সিং, খোয়াই, ১৯ এপ্রিল || টিটিএএডিসি’র বর্তমান কাউন্সিলের মেয়াদের শেষ দিনে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ নিল তিপ্রা মথা পার্টি। শনিবার আগরতলার রাজভবনে (লোক ভবন) তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মার নেতৃত্বে দলের একটি প্রতিনিধি দল ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে সাক্ষাৎ করেন।
বর্তমান কাউন্সিলের কার্যকাল এদিন শেষ হওয়ায়, বিদায়ী মুখ্য কার্যনির্বাহী সদস্য (CEM) পূর্ণচন্দ্র জমাতিয়া তাঁর পদত্যাগপত্র রাজ্যপালের হাতে তুলে দেন। নতুন কাউন্সিল গঠনের আগে এটি একটি আবশ্যিক সাংবিধানিক প্রক্রিয়া।
এই গুরুত্বপূর্ণ বৈঠকে মহারাজের সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরার রাজ্য সরকারের মন্ত্রী বৃষকেতু দেববর্মা, রুনিয়েল দেববর্মা এবং সি.কে. জমাতিয়া। বৈঠক শেষে জানা গেছে, এডিসি-র বর্তমান পরিস্থিতি এবং নতুন কাউন্সিল গঠনের প্রক্রিয়া নিয়ে রাজ্যপালের সঙ্গে প্রতিনিধি দলের ফলপ্রসূ আলোচনা হয়েছে। নির্বাচনের ফলাফল প্রকাশের পর নতুন বোর্ড গঠনের প্রস্তুতি যে এখন চূড়ান্ত পর্যায়ে, এই সাক্ষাৎ তারই ইঙ্গিত দিচ্ছে। এখন রাজনৈতিক মহলের নজর রাজভবনের পরবর্তী পদক্ষেপ এবং নতুন কাউন্সিলের শপথ গ্রহণের দিকে।
