কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত জোলাইবাড়ী, গাড়ির উপর গাছ পড়ে চাঞ্চল্য

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৬ এপ্রিল || দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ী এলাকায় রবিবার বিকেলে হঠাৎ আছড়ে পড়া কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ঝড়ের দাপটে পশ্চিম পিলাক কলনি-সহ বিভিন্ন এলাকায় বড় বড় গাছ উপড়ে পড়ে বাড়িঘর, রাস্তা এবং যানবাহনের উপর মারাত্মক প্রভাব ফেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বহু জায়গায় বাড়ির উপর গাছ ভেঙে পড়েছে এবং গুরুত্বপূর্ণ রাস্তাঘাট সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়েছে। ঝড়ের তীব্রতায় বিদ্যুতের খুঁটি ও তারের উপর গাছ পড়ায় গোটা এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ে। বিশেষ করে পশ্চিম পিলাক কলনি বাজার এলাকায় ক্ষয়ক্ষতির মাত্রা সবচেয়ে বেশি বলে জানা গেছে।
এদিকে, জোলাইবাড়ী থেকে বিলোনিয়া যাওয়ার পথে TR 08 0592 নম্বরের একটি ইকো গাড়ির উপর আচমকাই একটি বড় গাছ ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। তবে সৌভাগ্যবশত, এই ঘটনায় বড় ধরনের প্রাণহানির খবর পাওয়া যায়নি।
গাড়ির চালকের অভিযোগ, দুর্ঘটনার পরপরই শান্তিরবাজার মহকুমা শাসকের দপ্তরে খবর দেওয়া হলেও দীর্ঘ সময় পর্যন্ত ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম ঘটনাস্থলে পৌঁছায়নি। পরে জোলাইবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধারকাজ শুরু করেন। পাশাপাশি খবর পেয়ে জোলাইবাড়ী থানার পুলিশও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের দেরিতে পৌঁছানোকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক করতে জোরকদমে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
বর্তমানে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও পুনরুদ্ধার কাজ অব্যাহত রয়েছে এবং দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*