আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল || শহরের পরিচিত মুখ, অভিনব কায়দায় আচার বিক্রি করে মানুষের মন জয় করা জীবন রায়, যিনি সকলের কাছে “পঁচা আচার”-এর জয়ন্ত নামে পরিচিত ছিলেন, আর নেই। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর মৃত্যু হয়।
জানা যায়, বড়জলা এলাকার মধ্যভুবনবনের বাসিন্দা জীবন রায় প্রতিদিন একটি বাইসাইকেল নিয়ে শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায় ঘুরে “পঁচা পঁচা পঁচা আচার” বলে হাঁক দিয়ে নানা ধরনের আচার বিক্রি করতেন। তাঁর এই ভিন্নধর্মী ডাক ও হাসিখুশি স্বভাব ক্রেতাদের আকৃষ্ট করত, যা একসময় শহরের এক অনন্য পরিচিতিতে পরিণত হয়।
সম্প্রতি সিধাই-মোহনপুর এলাকায় এক বেপরোয়া গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীদের দাবি, একই গাড়ি দুর্ঘটনার আগে আরও দুইজনকে ধাক্কা দিয়ে আহত করে। আশঙ্কাজনক অবস্থায় জীবন রায়কে জিবিপি হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানান, দুর্ঘটনায় তাঁর বুকের তিনটি, কোমরের একটি এবং পায়ের দুটি—মোট ছয়টি হাড় ভেঙে গিয়েছিল। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আপ্রাণ চেষ্টার পরও শেষরক্ষা হয়নি। কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
জীবন রায়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শহরজুড়ে তাঁর সেই পরিচিত ডাক—“পঁচা পঁচা পঁচা আচার”—আর শোনা যাবে না। এক সাধারণ মানুষ তাঁর সৃজনশীলতা ও পরিশ্রম দিয়ে যে আলাদা পরিচিতি তৈরি করেছিলেন, তা আজ স্মৃতির পাতায় রয়ে গেল।
এই ঘটনাকে কেন্দ্র করে ফের একবার উঠে এসেছে সড়ক নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন। বেপরোয়া গাড়ি চালনার ফলে প্রতিনিয়ত প্রাণহানির ঘটনা ঘটছে, তবুও সচেতনতার অভাব থেকেই যাচ্ছে। প্রশ্ন উঠছে—আর কত জীবন এভাবে অকালে ঝরে যাবে? কবে মিলবে এর স্থায়ী সমাধান?
জীবন রায়ের প্রয়াণ যেন শুধু একজন মানুষের মৃত্যু নয়, বরং শহরের এক পরিচিত সংস্কৃতির অবসানও বটে। তাঁর রেখে যাওয়া স্মৃতি ও সেই স্বাদ বহুদিন মানুষের মনে বেঁচে থাকবে।
