বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৫ এপ্রিল || দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন জাতীয় সড়কে শুক্রবার গভীর রাতে এক বাইক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার বিবরণ অনুযায়ী, শুক্রবার রাত আনুমানিক ১টা ৪৫ মিনিট নাগাদ শান্তিরবাজার দমকল বাহিনীর কাছে খবর আসে যে, মহকুমা শাসকের কার্যালয়ের পাশ দিয়ে যাওয়া জাতীয় সড়কে TR-08H-5213 নম্বরের একটি বাইকসহ এক যুবক রাস্তার পাশে পড়ে রয়েছেন। খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত যুবককে উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যান।
সূত্রের খবর, আর কে গঞ্জ শান্তাফা স্কুলে আয়োজিত বৈশাখী মেলা থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয় এবং বিষয়টি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
আহত যুবকের নাম অনুপম সরকার। তিনি বেতাগা বিকির্ণ বৈদ্যপাড়ার বাসিন্দা বলে জানা গেছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।
ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
