সুব্রত দাস, গন্ডাছড়া, ২৬ এপ্রিল || দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রবিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো গন্ডাছড়া প্রেস ক্লাব। এক শুভ মুহূর্তে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকারের হাত ধরে দ্বারোদ্ঘাটন হয় গন্ডাছড়া সাব-ডিভিশনের সাংবাদিকদের এই নতুন মিলনকেন্দ্রের।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুমলুঙ প্রেস ক্লাবের সম্পাদক রঞ্জিত দেববর্মা, জার্নালিস্ট ইউনিয়নের সম্পাদক সুরজিৎ পাল, এশিয়ান টাইমের সম্পাদক সমরেশ দে এবং বিশিষ্ট সমাজসেবী হরিশ দেববর্মা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গন্ডাছড়া প্রেস ক্লাবের সভাপতি, সম্পাদকসহ অন্যান্য পদাধিকারী ও সদস্যরা।
এই প্রেস ক্লাবের অন্যতম বিশেষ তাৎপর্য হলো—এখানে জাতি ও জনজাতি উভয় সম্প্রদায়ের সাংবাদিকরা একই ছাদের নিচে একত্রিত হয়েছেন। সমতল ও পাহাড়ের সাংবাদিকদের এই মেলবন্ধন গন্ডাছড়া মহকুমার সাংবাদিকতার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
দীর্ঘদিন ধরেই গন্ডাছড়া মহকুমায় কর্মরত সাংবাদিকদের একটি সংগঠিত প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। অবশেষে সেই প্রত্যাশা বাস্তবায়িত হওয়ায় সাংবাদিক মহলে খুশির সঞ্চার হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এই প্রেস ক্লাব স্থানীয় সাংবাদিকতার বিকাশ, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উদ্বোধক প্রণব সরকার তাঁর বক্তব্যে বলেন, গন্ডাছড়া প্রেস ক্লাব জাতি ও জনজাতি সাংবাদিকদের মধ্যে প্রকৃত ঐক্যের সেতুবন্ধন গড়ে তুলবে এবং সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা নেবে। তিনি আরও আশ্বাস দেন, ভবিষ্যতে যেকোনো সমস্যায় আগরতলা প্রেস ক্লাব ও খুমলুঙ প্রেস ক্লাবের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে, যাতে গন্ডাছড়ার সাংবাদিকরা কখনো একা না থাকেন।
অনুষ্ঠানের শেষে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। গন্ডাছড়া প্রেস ক্লাবের প্রয়াত প্রাক্তন সভাপতি ও প্রবীণ সাংবাদিক রবি সিং-এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন উপস্থিত অতিথি ও সদস্যরা। বক্তারা জানান, গন্ডাছড়ার সাংবাদিকতায় রবি সিং-এর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে গন্ডাছড়া সাংবাদিক মহলে ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা গেছে।
