সোমনাথ স্বাভিমান পর্বে সনাতনী ঐতিহ্যের বন্দনা, কলস যাত্রায় ভক্তদের ঢল, উপস্থিত মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ মে || দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম সোমনাথ মন্দিরের গৌরবময় ঐতিহ্য, ভারতীয় সংস্কৃতির আত্মমর্যাদা এবং সনাতনী আধ্যাত্মিক চেতনার বার্তা তুলে ধরে সোমবার আগরতলার সেন্ট্রাল রোডস্থিত শিব বাড়িতে প্রাঙ্গণে রাজ্যস্তরীয় “সোমনাথ স্বাভিমান পর্ব” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সহ বিশিষ্ট অতিথিরা।
অনুষ্ঠান উপলক্ষে সকাল ৯টায় আগরতলার লক্ষ্মীনারায়ণ মন্দির ঘাট এলাকা থেকে এক বর্ণাঢ্য “কলস যাত্রা” বের করা হয়। সেলস ট্যাক্স অফিস সংলগ্ন লক্ষ্মীনারায়ণ মন্দির ঘাট থেকে শুরু হওয়া এই যাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শিববাড়ি প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত নারী-পুরুষ, ধর্মীয় পতাকা, শঙ্খধ্বনি ও ভক্তিমূলক সঙ্গীতে মুখরিত হয়ে ওঠে পুরো পরিবেশ।
মূল অনুষ্ঠানে বক্তারা বলেন, “যত্র গঙ্গা চ যমুনা, যত্র প্রাচী সরস্বতী, যত্র সোমেশ্বরৌ দেবঃ”—এই চিরন্তন মন্ত্র ভারতীয় সংস্কৃতি ও আধ্যাত্মিক ঐতিহ্যের মহিমাকে বহন করে চলেছে। এক হাজার বছরেরও অধিক সময় ধরে বিদেশি আক্রমণ ও ধ্বংসযজ্ঞের মুখোমুখি হয়েও সোমনাথ মন্দির আজও সগৌরবে দাঁড়িয়ে রয়েছে, যা ভারতীয় সভ্যতার সাহস, সংগ্রাম ও আত্মবিশ্বাসের প্রতীক।
বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, স্বাধীনতার পর প্রায় ৭৫ বছর আগে ভারতের “লৌহমানব” সর্দার বল্লভ ভাই পাটেলের দৃঢ় সংকল্পে আধুনিক সোমনাথ মন্দির পুনর্নির্মাণের পথ প্রশস্ত হয়েছিল। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমানে সোমনাথের পবিত্র ভূমি ভারতের সাংস্কৃতিক নবজাগরণকে নতুন উচ্চতায় পৌঁছে দিচ্ছে।
সোমনাথ মন্দিরের স্বর্ণিম ৭৫ বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ধর্মীয় ও সাংস্কৃতিক আবহে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ ও ভক্তিভাব লক্ষ্য করা যায়। অনুষ্ঠানের মাধ্যমে সনাতনী ঐতিহ্য, আধ্যাত্মিক মূল্যবোধ এবং ভারতের গৌরবময় ইতিহাসের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*