আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ মে || বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত জনজাতি কল্যাণ দপ্তরের প্রকল্প Tripura Rural Economic Growth and Service Delivery Project (TRESP)-এর উদ্যোগে জুমপুইজলা আর ডি ব্লকে চালু হলো অত্যাধুনিক কমিউনিটি ম্যানেজড ট্রেনিং সেন্টার (সি এম টি সি)। সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রাম পদ জমাতিয়া আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন।
এই উদ্যোগকে কেন্দ্র করে জুমপুইজলা ব্লক এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকে। সংশ্লিষ্ট মহলের মতে, নতুন এই ট্রেনিং সেন্টার এলাকার প্রোডিউসার গ্রুপ ও স্বসহায়ক দলের সদস্যদের বিভিন্ন প্রযুক্তিগত ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ গ্রহণে বিশেষ সহায়ক হবে।
জনজাতি কল্যাণ দপ্তরের ট্রেসপ প্রকল্পের পক্ষ থেকে পরিকাঠামো উন্নয়নের জন্য এককালীন ১৫ লক্ষ টাকার অনুদান প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ কেন্দ্রটিতে আধুনিক ট্রেনিং হল, স্মার্ট ক্লাসরুম, হোস্টেল, অফিস রুম, ইন্টারনেট ও প্রজেক্টর-সহ একাধিক সুবিধা নিশ্চিত করা হয়েছে। এর ফলে স্থানীয় জনজাতি সম্প্রদায়ের মানুষ কৃষি, পশুপালন, মৎস্যচাষ-সহ বিভিন্ন বিষয়ে প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।
জানা গিয়েছে, এই ট্রেনিং সেন্টারটি পরিচালিত হবে রাংবতাং ক্লাস্টার লেভেল ফেডারেশনের আওতায়। এর মাধ্যমে ফেডারেশনের আয় বৃদ্ধির পাশাপাশি এলাকায় বিভিন্ন টেকনিক্যাল এজেন্সির প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনার ক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচিত হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বি এস সি চেয়ারম্যান বীরেন্দ্র কিশোর দেববর্মণ, গোলাঘাটি সমষ্টির বিধায়ক মানব দেববর্মা, টাকারজলা সমষ্টির বিধায়ক বিশ্বজিৎ কলই, ট্রেসপের রাজ্য ইউনিটের ট্রাইবাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট জীবন দেববর্মণ, জেলা প্রজেক্ট ম্যানেজার মল্লিকা দেববর্মণ-সহ ব্লক প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের বিভিন্ন আধিকারিকরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমষ্টি উন্নয়ন আধিকারিক ওবেদ এল ডারলং। গোটা অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় নেতৃত্ব দেন ব্লক প্রজেক্ট ম্যানেজার জোটন ঘোষ।
প্রকল্প সূত্রে জানা গিয়েছে, ভবিষ্যতে রাজ্যের ২৩টি জনজাতি অধ্যুষিত ব্লকেই ধাপে ধাপে এই ধরনের আধুনিক ট্রেনিং সেন্টারের পরিকাঠামো গড়ে তোলা হবে, যার সুফল পাবে জনজাতি এলাকার সাধারণ মানুষ।
