আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ মে || দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি অনুপ্রাণিত হয়ে এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ গ্রহণ করলেন ত্রিপুরা রেলওয়ে হকার কর্মী এসোসিয়েশনের সদস্যরা। মঙ্গলবার মজদুর মনিটরিং সেল অনুমোদিত ত্রিপুরা রেলওয়ে হকার কর্মী এসোসিয়েশনের আগরতলা রেল স্টেশন কমিটি ও যোগেন্দ্রনগর রেল স্টেশন কমিটির উদ্যোগে রেলযাত্রীদের হাতে বিনামূল্যে ঝালমুড়ি বিতরণ করা হয়।
এদিন সকাল ১০টা থেকে যোগেন্দ্রনগর রেল স্টেশনে শুরু হয় এই কর্মসূচি, যা বিকাল ৫টা পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে। কর্মসূচিতে অংশ নিয়ে হকার ভাইয়েরা যাত্রীদের হাতে হাসিমুখে ঝালমুড়ি তুলে দেন এবং মানবিকতার বার্তা ছড়িয়ে দেন।
ত্রিপুরা রাজ্য মজদুর মনিটরিং সেলের সভাপতি বিপ্লব কর জানান, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং যাত্রীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনমুখী ভাবনা ও সেবামূলক আদর্শে অনুপ্রাণিত হয়েই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এই অভিনব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রেলযাত্রীদের একাংশও। যাত্রীদের মতে, ব্যস্ত যাত্রাপথে হকারদের এই আন্তরিক উদ্যোগ নিঃসন্দেহে এক ইতিবাচক বার্তা বহন করছে।
