বিলাসবহুল গাড়ির ধাক্কায় গুরুতর আহত দুই বাইক আরোহী, উত্তেজনা শান্তিরবাজারে

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১২ মে || রাজ্যে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলেছে। অন্যান্য এলাকার পাশাপাশি শান্তিরবাজার মহকুমাতেও প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। ফের এক ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন দুই বাইক আরোহী।
ঘটনাটি ঘটে মঙ্গলবার শান্তিরবাজার ট্রাইজংশন এলাকায়। জানা গেছে, আগরতলা থেকে শান্তিরবাজারগামী টি আর ০১ বি ডাব্লিউ ০৪৯৮ নম্বরের একটি টাটা টিগোর গাড়ি ট্রাইজংশন এলাকায় দেবীপুর যাওয়ার মুখে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা টি আর ০৮ এইচ ৬৭১৩ নম্বরের পালসার বাইক এবং টি আর ০৮ এফ ৫৩৬২ নম্বরের স্পেন্ডার বাইককে সজোরে ধাক্কা মারে।
দুর্ঘটনায় দুই বাইকে থাকা কলাবাড়িয়া এলাকার বাসিন্দা দীনেশ দাস (৩০) এবং মাইছড়া এলাকার বাসিন্দা বাপী দাস (২৪) রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করেন।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিরবাজার থানার পুলিশ এবং ফরেন্সিক টিম। পুলিশ দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, গাড়ি চালকের অসাবধানতার ফলেই এই দুর্ঘটনা ঘটে।
গাড়ির নম্বর সূত্রে জানা যায়, গাড়িটি প্রদীপ পাল নামে এক চিকিৎসকের। তবে দুর্ঘটনার পর গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, পুলিশের সহযোগিতাতেই চালক পালাতে সক্ষম হয়েছে। যদিও এই অভিযোগের সত্যতা এখনও সরকারি ভাবে নিশ্চিত হয়নি।
এদিকে, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয়, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ কী পদক্ষেপ গ্রহণ করে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*