আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ মে || সরকারি দপ্তরের কর্মপরিবেশকে আরও ইতিবাচক, মানবিক ও কর্মমুখী করে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে উত্তর জেলা প্রশাসন। কর্মীদের কাজের প্রতি উৎসাহ, দায়িত্ববোধ ও আন্তরিকতা বৃদ্ধি করতে প্রতি মাসে শ্রেষ্ঠ কর্মচারীদের সম্মাননা প্রদানের পাশাপাশি জন্মদিন উদযাপনের মধ্য দিয়ে প্রশাসনিক পরিমণ্ডলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তোলা হচ্ছে।
বুধবার জেলা শাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চাঁদনী চন্দ্রন-এর উপস্থিতিতে আয়োজিত মাসিক কর্মীসভায় “বেস্ট এমপ্লয়ী অব দ্য মান্থ” সম্মাননা প্রদান করা হয়। সম্মানপ্রাপ্তদের মধ্যে ছিলেন জেলা শাসকের ব্যক্তিগত সহকারী (পিএ টু ডিএম) কৌশিক ভৌমিক। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এবং ২০২৬ সালের টিটিএএডিসি সাধারণ নির্বাচনে দক্ষতা, কর্মনিষ্ঠা ও দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।
বিশেষভাবে উল্লেখযোগ্য, নতুন ভোটারদের সচেতন ও উৎসাহিত করতে কৌশিক ভৌমিকের তৈরি নির্বাচনী সচেতনতামূলক গান ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় প্রচার করা হয়েছিল। তাঁর এই অভিনব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন জেলা শাসক চাঁদনী চন্দ্রন।
নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করায় সম্মানপ্রাপ্ত কর্মীদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানানো হয়। সভায় উপস্থিত আধিকারিক ও কর্মচারীরাও করতালির মাধ্যমে তাঁদের সম্মানিত করেন।
এদিন এপ্রিল মাসে জন্মদিন থাকা কর্মচারীদের জন্মদিনও কেক কেটে উদযাপন করা হয়। প্রশাসনের মতে, এই ধরনের উদ্যোগ কর্মীদের মধ্যে ইতিবাচক মনোভাব, পারস্পরিক সহমর্মিতা ও দলগত চেতনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সরকারি দপ্তরের প্রচলিত কাঠামোর বাইরে গিয়ে মানবিক সম্পর্ক ও কর্মপ্রেরণাকে অগ্রাধিকার দেওয়ায় উত্তর জেলা প্রশাসনের এই উদ্যোগ ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রশংসা কুড়িয়েছে।
