পরপর তৃতীয়বার জাতীয় মানের স্বীকৃতি পেল বাইখোরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, দক্ষিণ ত্রিপুরায় নতুন নজির

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৪ মে || দক্ষিণ ত্রিপুরার বাইখোরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আবারও জাতীয় স্তরে গৌরব অর্জন করেছে। স্বাস্থ্য পরিষেবার রাষ্ট্রীয় গুণগত মান নির্ধারণকারী “ন্যাশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স স্ট্যান্ডার্ডস” মূল্যায়নে কেন্দ্রটি ১০০ নম্বরের মধ্যে ৯২.০৪ শতাংশ নম্বর অর্জন করে টানা তৃতীয়বারের মতো জাতীয় মানের স্বীকৃতি লাভ করেছে।
এই উল্লেখযোগ্য সাফল্য দক্ষিণ ত্রিপুরা জেলার স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। জেলার প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের ধারাবাহিক উদ্যোগ এবং নিবিড় তদারকির ফলেই এই সাফল্য এসেছে বলে মনে করা হচ্ছে।
জেলা শাসক ও জেলা প্রশাসক মুহাম্মদ সাজাদ পি.-এর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে, দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জে. এম. দাস, জেলা রোগ প্রতিরোধ আধিকারিক ডাঃ বিতান সেনগুপ্ত এবং গুণগত মান পর্যবেক্ষণকারী দলের সম্মিলিত প্রচেষ্টায় স্বাস্থ্যকেন্দ্রে ধারাবাহিকভাবে চিকিৎসা পরিষেবার উন্নতি সাধিত হয়েছে।
এছাড়াও স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক, নার্সিং স্টাফ ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের আন্তরিক পরিশ্রম, নিষ্ঠা এবং দায়িত্ববোধ এই সাফল্যের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সাধারণ মানুষের কাছে উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে তাঁদের এই নিরলস প্রচেষ্টা প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে।
জেলার স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী ও জনমুখী করে তুলতে বাইখোরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এই সাফল্য আগামী দিনেও অনুপ্রেরণা জোগাবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*