শান্তিরবাজার রেলস্টেশন কাণ্ডে মামলা প্রত্যাহার, স্বাভাবিক অটো চলাচল

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৪ মে || শান্তিরবাজার রেলস্টেশন এলাকায় অটোচালকদের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া অভিযোগ শেষ পর্যন্ত প্রত্যাহার করে নিল দক্ষিণ ত্রিপুরা অটোরিক্সা মজদুর সংঘ। বুধবার গার্ধাং অটোস্ট্যান্ডে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সংঘের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়।
ঘটনার বিবরণ অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় শান্তির বাজার রেলস্টেশন এলাকায় কিছু দুষ্কৃতিকারীর হাতে আক্রান্ত হন কয়েকজন অটোচালক। ঘটনার পর বুধবার দক্ষিণ ত্রিপুরা অটোরিক্সা মজদুর সংঘের উদ্যোগে শান্তির বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে হামলাকারীদের নাম উল্লেখ করে দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের আটক না করা হলে অনির্দিষ্টকালের জন্য অটো চলাচল বন্ধ রাখার হুঁশিয়ারিও দেন সংঘের সদস্যরা।
অভিযোগ পাওয়ার পর তৎপরতায় নামে শান্তির বাজার থানার পুলিশ। থানার সেকেন্ড অফিসার এসআই সমীর বিশ্বাসের নেতৃত্বে মাত্র এক ঘণ্টার মধ্যেই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
পরবর্তীতে দুই পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে পরিস্থিতির সমাধান হলে অটোরিক্সা মজদুর সংঘ অভিযোগ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। সাংবাদিক সম্মেলনে সংঘের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং অন্যান্য দিনের মতো অটো চলাচলও স্বাভাবিক থাকবে।
এছাড়াও, ভবিষ্যতে দুই পক্ষ পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের পরিবেশ বজায় রেখে একসঙ্গে কাজ করবে বলেও জানানো হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*