আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ মে || নিট (NEET) পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে যখন তীব্র বিতর্ক চলছে, তখন ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষার দাবিতে সরব হলো ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। বৃহস্পতিবার আগরতলার রাজপথে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সংগঠনের নেতা-কর্মীরা।
যুব কংগ্রেসের অভিযোগ, নিট পরীক্ষায় নজিরবিহীন দুর্নীতি ও প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশের প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ আজ অনিশ্চয়তার মুখে। অথচ কেন্দ্রীয় সরকারের রহস্যজনক নীরবতা ছাত্রসমাজের প্রতি চরম উদাসীনতার পরিচয় দিচ্ছে।
প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে যুব কংগ্রেস নেতারা বলেন, “যোগ্য ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। অবিলম্বে এই কেলেঙ্কারির নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।”
এদিন আগরতলার বিভিন্ন রাস্তা পরিক্রমা করে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে স্লোগানে মুখর হয়ে ওঠে শহর। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ছাত্রছাত্রীদের ন্যায্য অধিকার আদায়ে আগামী দিনেও আন্দোলন জারি থাকবে।
