আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ মে || রাজ্যের যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়াকে আরও এগিয়ে নিয়ে গেল ত্রিপুরা সরকার। বৃহস্পতিবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবন-এ আয়োজিত এক অনুষ্ঠানে ৮৬৫ জন পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষককে অফার লেটার প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, বিদ্যালয় শিক্ষা সচিব মিলিন্দ রামটেক, আইএএস, এসসি ইআরটি অধিকর্তা লালনুনেমি ডারলং এবং প্রাথমিক শিক্ষা ও সমগ্র শিক্ষা প্রকল্প অধিকর্তা রাজীব দত্ত।
এই অনুষ্ঠানে নবনিযুক্ত শিক্ষকদের হাতে অফার লেটার তুলে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের যুবক-যুবতীদের প্রত্যাশা পূরণে বর্তমান সরকার স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিরলসভাবে কাজ করে চলেছে। তিনি বলেন, “আজ আমরা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছি। পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক পদে নির্বাচিত ৮৬৫ জন যোগ্য প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।”
তিনি আরও বলেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আরও সুদৃঢ় ও মানসম্মত করে তুলতে নবনিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করতে হবে। ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষা প্রদানে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান মুখ্যমন্ত্রী।
অনুষ্ঠানের শেষে নবনিযুক্ত সকল শিক্ষক-শিক্ষিকাকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তাঁদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী।
