আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ মে || জ্বালানি সাশ্রয় ও পরিবেশ রক্ষার বার্তা নিয়ে এবার ইলেকট্রিক অটোতে করে সচিবালয়ে পৌঁছালেন ত্রিপুরার কৃষিমন্ত্রী রতন লাল নাথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জ্বালানি সংরক্ষণ ও বিকল্প পরিবহণ ব্যবহারের আহ্বানে সাড়া দিয়েই এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন তিনি।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালেই সাধারণ মানুষের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দিতে বাইসাইকেলে জনসংযোগে বেরিয়েছিলেন মন্ত্রী। এরপর দিনভর সরকারি কর্মসূচি ও সচিবালয়ের কাজে যোগ দিতে তিনি বেছে নেন ইলেকট্রিক অটো।
মন্ত্রী রতন লাল নাথ জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয় শুধু সরকারের নয়, প্রতিটি নাগরিকের দায়িত্ব। পরিবেশ দূষণ কমানো এবং বিকল্প শক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যেই তিনি সাধারণ মানুষের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে চান।
মন্ত্রীের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। সাধারণ মানুষের মতে, জনপ্রতিনিধিরা এভাবে এগিয়ে এলে পরিবেশবান্ধব যানবাহন ব্যবহারে মানুষ আরও উৎসাহিত হবে।
রাজ্যে জ্বালানি সাশ্রয় ও পরিবেশ সচেতনতার প্রচারে সরকারের বিভিন্ন উদ্যোগের মধ্যেই মন্ত্রী রতন লাল নাথের এই পদক্ষেপ নতুন মাত্রা যোগ করেছে বলে রাজনৈতিক মহলের অভিমত।
