রাজ্যে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত, আতঙ্কিত না হওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ মে || রাজ্যে পেট্রোল, ডিজেল, এলপিজি ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর কোনও সংকট নেই বলে স্পষ্ট জানিয়ে সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হওয়ার আহ্বান জানালেন খাদ্য ও ক্রেতাস্বার্থ বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী। বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, রাজ্যের ১৪৯টি পেট্রোল পাম্পে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি মজুত রয়েছে এবং বর্তমানে রেশনিং ব্যবস্থা চালুর কোনও প্রয়োজন নেই।
মন্ত্রী জানান, খাদ্য দপ্তরের সচিব কে. শশীকুমার, অধিকর্তা সুমিত লোধ, আইওসিএল, এইচপিসিএল ও বিপিসিএল-এর প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে রাজ্যের জ্বালানি ও খাদ্য মজুত পরিস্থিতি পর্যালোচনা করা হয়। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী জ্বালানি নিয়ে উদ্বেগ তৈরি হলেও রাজ্যে কোনও ধরনের সংকট নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র সাশ্রয়ের আহ্বান মেনেই রাজ্যে কিছু সাশ্রয়ী পদক্ষেপ নেওয়া হয়েছে।
খাদ্যমন্ত্রী আরও জানান, রেশনিং ব্যবস্থায় এখনও ৮৪ দিনের চাল, ৫৭ দিনের গম, ৩৪ দিনের মুসুর ডাল ও ২৮ দিনের চিনি মজুত রয়েছে। পাশাপাশি খোলা বাজারেও পর্যাপ্ত পরিমাণে চাল, ডাল, ভোজ্য তেল, আলু, পেঁয়াজ, আটা ও লবণের মজুত রয়েছে।
তিনি সতর্ক করে বলেন, কেউ যদি কৃত্রিম সংকট সৃষ্টি বা কালোবাজারির চেষ্টা করেন, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাজার ও পেট্রোল পাম্পে নজরদারি বাড়ানোর নির্দেশও সংশ্লিষ্ট আধিকারিকদের দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*