আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ মে || রাজ্য সরকারের ব্যয় সাশ্রয় ও জ্বালানি সংরক্ষণের লক্ষ্যে এবার শিক্ষা দপ্তরে চালু করা হলো নতুন রোস্টার ব্যবস্থা। রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের জারি করা এক স্মারকে জানানো হয়েছে, সরকারি অফিসে কর্মরত গ্রুপ-সি ও গ্রুপ-ডি কর্মচারীদের ৫০ শতাংশ উপস্থিতি নিশ্চিত করে রোস্টার ডিউটি ভিত্তিতে অফিস পরিচালনা করতে হবে।
শুক্রবার জারি হওয়া নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি ব্যয় সংকোচন এবং বিশেষ করে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ের উদ্দেশ্যে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। এ বিষয়ে পূর্বে প্রকাশিত সাধারণ প্রশাসন দপ্তরের নির্দেশ কঠোরভাবে মেনে চলার জন্য রাজ্যের সমস্ত জেলা শিক্ষা আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।
মাধ্যমিক শিক্ষা অধিকর্তার কার্যালয় থেকে জারি হওয়া এই মেমোতে স্পষ্ট জানানো হয়েছে যে, সংশ্লিষ্ট সকল শিক্ষা দপ্তরকে নির্দেশ বাস্তবায়নে নজরদারি রাখতে হবে। নতুন এই পদক্ষেপের ফলে সরকারি ব্যয় নিয়ন্ত্রণের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমেও পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে।
রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে বর্তমান পরিস্থিতিতে ব্যয় সাশ্রয়মূলক উদ্যোগ হিসেবে দেখা হলেও, শিক্ষা দপ্তরের দৈনন্দিন পরিষেবার উপর এর প্রভাব কতটা পড়বে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।
