রাধানগর পেট্রোল পাম্পে আক্রান্ত চিত্র সাংবাদিক বিজয় দেবনাথ, ক্ষোভে ফুঁসছে সাংবাদিক মহল

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ মে || রাজধানীর রাধানগর পেট্রোল পাম্পে কর্তব্যরত অবস্থায় হামলার শিকার হলেন আগরতলা প্রেস ক্লাবের সদস্য ও চিত্র সাংবাদিক বিজয় দেবনাথ। শুক্রবার ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।
জানা গেছে, শুক্রবার রাধানগর পেট্রোল পাম্পে নিজের বাইকে জ্বালানি ভরতে গিয়েছিলেন চিত্র সাংবাদিক বিজয় দেবনাথ। অভিযোগ, সেই সময় টি আর ০১ জে ৩৭৭৪ নম্বরের একটি অটো তার সামনে এসে দাঁড়ায়। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানালে সংশ্লিষ্ট অটোচালক অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন বলে অভিযোগ ওঠে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন সাংবাদিক বিজয় দেবনাথ ওই ধরনের কুরুচিপূর্ণ ভাষা ব্যবহারের কারণ জানতে চান। অভিযোগ অনুযায়ী, এরপরই অটোচালক তার উপর শারীরিকভাবে হামলা চালায়। হামলায় রক্তাক্ত হন বিজয় দেবনাথ। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং উপস্থিত মানুষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সাংবাদিকের উপর এই হামলার ঘটনাকে ‘হিংস্র ও বর্বরোচিত আক্রমণ’ বলে তীব্র নিন্দা জানিয়েছে আগরতলা প্রেস ক্লাব। এক বিবৃতিতে প্রেস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি এবং কর্তব্যরত সাংবাদিকের উপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এদিকে, আগরতলা প্রেস ক্লাব পুলিশ প্রশাসনের কাছে অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আনার আহ্বানও জানানো হয়েছে।
এই ঘটনায় সাংবাদিক মহলসহ বিভিন্ন স্তরে ক্ষোভের সঞ্চার হয়েছে। অনেকেই মনে করছেন, সংবাদকর্মীদের উপর ধারাবাহিক হামলার ঘটনা গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক এবং এ ধরনের ঘটনার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া জরুরি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*