আসামের মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য, শান্তির বাজারে কনটেন্ট ক্রিয়েটার আটক

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৭ মে || সামাজিক মাধ্যমে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে ভিডিও কনটেন্ট প্রকাশের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে শান্তির বাজার থানার পুলিশ। অভিযুক্তের নাম শিপুল মজুমদার বলে জানা গেছে। তিনি শান্তির বাজারের গঞ্জের টিলা এলাকার বাসিন্দা এবং নিয়মিত বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করে সামাজিক মাধ্যমে প্রকাশ করতেন।
অভিযোগ, দ্রুত পরিচিতি ও জনপ্রিয়তা অর্জনের লক্ষ্যে শিপুল মজুমদার সম্প্রতি একটি ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে পোস্ট করেন, যেখানে আসামের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে আপত্তিকর ও কুরুচিকর মন্তব্য করা হয়। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর দ্রুত পদক্ষেপ নেয় শান্তির বাজার থানার পুলিশ এবং অভিযুক্তকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
পুলিশি জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত দাবি করেন, তিনি ‘গল্পের ছলে’ বা বিনোদনের উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করেছিলেন। তবে ঘটনার গুরুত্ব বুঝতে পেরে তিনি নিজের আচরণের জন্য অনুতাপ প্রকাশ করেন এবং ক্ষমা প্রার্থনা করেন বলেও জানা গেছে।
সূত্রের খবর, নিজের ভুল স্বীকার করে থানায় প্রকাশ্যেই কান ধরে ওঠবস করেন অভিযুক্ত এবং ভবিষ্যতে কাউকে নিয়ে এ ধরনের কুরুচিকর মন্তব্য বা কনটেন্ট না তৈরির আবেদন জানান। পাশাপাশি অন্যদেরও সামাজিক মাধ্যমে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।
এদিকে, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা শুরু হয়েছে। এখন দেখার বিষয়, অভিযুক্তের বিরুদ্ধে প্রশাসন পরবর্তী সময়ে কী ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*