আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ মে || সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে মাসের প্রতিটি শনিবার সরকারি অফিসে ছুটি থাকবে। আগে শুধুমাত্র মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটি থাকলেও সংশোধিত সিদ্ধান্তে সব শনিবারই সরকারি ছুটির আওতায় আসবে।
তবে ছুটির সংখ্যা বাড়লেও অফিসের কার্যক্রমের সময়সূচিতে আনা হয়েছে পরিবর্তন। এখন থেকে সরকারি অফিস চলবে সকাল ৯টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রশাসনিক কাজের গতি ও ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যেই অফিস সময় বৃদ্ধি করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে একইসঙ্গে রাজ্যের কর্মসংস্থানের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা মন্ত্রীসভা। মোট ৮১টি নতুন পদে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে তথ্য ও সংস্কৃতি দপ্তরে ৫০টি পদ, পি ডব্লিউ ডি (PWD) দপ্তরে ২৬টি এলডিসি (LDC) পদ এবং অর্থ দপ্তরে ৫টি নতুন পদ অন্তর্ভুক্ত রয়েছে।
সোমবার মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানান রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধূরী। সরকারের এই সিদ্ধান্তে রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে।
সরকারি কর্মচারীদের সাপ্তাহিক বিশ্রামের সুযোগ বৃদ্ধি এবং নতুন নিয়োগের অনুমোদন— দুই সিদ্ধান্তই প্রশাসনিক কাঠামো ও কর্মসংস্থানের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মত সংশ্লিষ্ট মহলের।
