গোপাল সিং, খোয়াই, ৩০ মে || রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে এবার নিজের ক্ষোভ উগরে দিলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা। জনজাতি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে গরিব মানুষের জন্য ঘোষিত বৈদ্যুতিক অটোরিকশা বিতরণের ভবিষ্যৎ নিয়ে সরাসরি মন্ত্রীর দিকে আঙুল তুলেছেন তিনি।
টিটিএএডিসি নির্বাচনের পূর্বে জনজাতি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে রাজ্যে ৫০০টি বৈদ্যুতিক অটোরিকশা বিতরণের একটি বড়সড় ঘোষণা দেওয়া হয়েছিল। সেই মোতাবেক খোয়াই জেলার ছয়টি বিধানসভা কেন্দ্রের জন্য অটোরিকশা বরাদ্দের একটি সরকারি বিজ্ঞপ্তিও জারি করা হয়। অভিযোগ, মন্ত্রী বিকাশ দেববর্মা নিজেই উদ্যোগী হয়ে ৭, ৯ এবং ১৩ নম্বর কেন্দ্রের জন্য মোট ২০০টি অটোরিকশা বরাদ্দ করেছিলেন।
কিন্তু রঞ্জিত দেববর্মার দাবি, এডিসি (TTAADC) নির্বাচন পার হয়ে যাওয়ার পর থেকে এই গোটা প্রকল্পের আর কোনো হেলদোল নেই। সমস্ত প্রক্রিয়া রহস্যজনকভাবে থমকে গেছে। নিজের ব্যক্তিগত সামাজিক মাধ্যমে মন্ত্রীকে কটাক্ষ করে বিধায়ক প্রশ্ন তোলেন, ‘জনজাতি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে যে অটোরিকশাগুলো দেওয়ার কথা ছিল, সেগুলো কি তবে নষ্ট হয়ে গেল?’
দীর্ঘদিন পেরিয়ে গেলেও প্রতিশ্রুত অটোরিকশা না পাওয়ায় সাধারণ মানুষের মনেও এখন তীব্র ক্ষোভ ও প্রশ্ন দানা বাঁধছে বলে জানান তিনি। নির্বাচনী বৈতরণী পার হতেই কি এই জনকল্যাণমুখী প্রকল্পকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হলো, সেই চর্চায় এখন মুখর রাজনৈতিক মহল। তবে রঞ্জিত দেববর্মার এই বিস্ফোরক অভিযোগের প্রেক্ষিতে মন্ত্রী বিকাশ দেববর্মার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো পাল্টা প্রতিক্রিয়া বা স্পষ্টীকরণ মেলেনি।
