আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ মে || পৃথক রাজ্য ‘তিপ্রাল্যান্ড’ গঠনের দাবিকে সামনে রেখে আগরতলার সুপারি বাগানস্থিত দশরথ দেব স্মৃতি ভবনে অনুষ্ঠিত হল আইপিএফটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এমসিসি সম্মেলন। এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সভাপতি প্রেম কুমার রিয়াং, সাধারণ সম্পাদক তথা মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া, সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা সহ দলের অন্যান্য নেতৃত্ব।
দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের সূচনা করেন আইপিএফটির সভাপতি প্রেম কুমার রিয়াং। পাশাপাশি সংগঠনের প্রতিষ্ঠাতা প্রয়াত মন্ত্রী এন সি দেববর্রমার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
সম্মেলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাধারণ সম্পাদক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান, প্রতি বছরই কেন্দ্রীয় কমিটির উদ্যোগে একদিনব্যাপী এমসিসি বৈঠকের আয়োজন করা হয়। এদিনের বৈঠকে সাম্প্রতিক এডিসি নির্বাচনের ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি আইপিএফটির সাংগঠনিক কার্যক্রম, আগামী দিনের রাজ্য সম্মেলন এবং দলীয় বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয় বলে জানান তিনি।
তিনি আরও বলেন, আগামী দিনে দলকে আরও শক্তিশালী করে তৃণমূল স্তরে সংগঠন বিস্তারের লক্ষ্যে একাধিক কর্মসূচি গ্রহণ করা হবে।
