মন্ত্রিসভার একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত: জেআরবিটির মাধ্যমে ১৮৬ পদে নিয়োগ, জিবি-এজিএমসির চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে নিষেধাজ্ঞা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন || মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার পৌরহিত্যে সোমবার অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে সেই সিদ্ধান্তগুলির কথা রাজ্যবাসীর সামনে তুলে ধরেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
মন্ত্রী জানান, রাজ্যে জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর (গ্রুপ-সি, নন-গেজেটেড) পদে মোট ১৮৬টি শূন্যপদ পূরণ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড, ত্রিপুরা (জেআরবিটি)।
এছাড়াও স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নের লক্ষ্যে জিবি হাসপাতাল ও আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের (এজিএমসি) চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের উপর নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। এর পরিবর্তে সংশ্লিষ্ট চিকিৎসকদের মূল বেতনের উপর অতিরিক্ত ২০ শতাংশ ভাতা প্রদান করা হবে। খুব শীঘ্রই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানান মন্ত্রী।
তিনি আরও স্পষ্ট করেন, কোনও চিকিৎসক যদি প্রাইভেট প্র্যাকটিস চালিয়ে যেতে চান, তবে তাঁকে স্বেচ্ছায় সরকারি চাকরি ছাড়তে হবে।
এদিন নিকো পার্কের নির্মাণকাজ বন্ধ থাকার প্রসঙ্গে প্রশ্নের উত্তরে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, প্রকল্পের কাজ বন্ধ হয়নি। বর্ষার কারণে এবং জমির পরিমাপ সংক্রান্ত কিছু ত্রুটি ধরা পড়ায় পুনরায় জমি পরিমাপ করা হয়েছে। ইতিমধ্যে সমস্যার সমাধান করা হয়েছে এবং নিকো পার্কের নির্মাণকাজ স্বাভাবিকভাবেই এগিয়ে চলছে বলে তিনি জানান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*