গোপল সিং, খোয়াই, ০১ জুলাই || সমাজ ও লোকলজ্জার ভয় এবং পরকীয়া প্রেমের টানাপোড়েনের জেরে এক চরম ও করুণ পরিণতি বেছে নিলেন এক প্রেমিক যুগল। খোয়াই জেলার কল্যাণপুর থানার অন্তর্গত পূর্ব কুঞ্জবন গ্রাম পঞ্চায়েতের এক গভীর জঙ্গল থেকে বুধবার এক যুবক ও এক বিবাহিত মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হলো। এই হাড়হিম করা ঘটনাকে কেন্দ্র করে সমগ্র কুঞ্জবন ও কল্যাণপুর এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত যুবক ও মহিলা হলেন হরিদাস পাল (২৬), পিতা- ভুলু পাল, ঠিকানা- কুঞ্জবন (নদিয়া চানপাড়া), থানা- কল্যাণপুর এবং পাপিয়া পাল (৩০), স্বামী- জীবন পাল, থানা- কল্যাণপুর।
জানা গেছে, একই এলাকার বাসিন্দা হওয়ার সুবাদে যুবক হরিদাস পালের সাথে বিবাহিত মহিলা পাপিয়া পালের এক দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু সমাজ ও পরিবারের চোখে এটি একটি ‘অবৈধ সম্পর্ক’ বা পরকীয়া হওয়ায় বিষয়টি নিয়ে গোপন গুঞ্জন ছিল। সম্প্রতি এই সম্পর্কের বিষয়টি পরিবারের লোকজনের সামনে চলে আসে এবং জানাজানি হতেই লোকসমাজে তীব্র সমালোচনার ঝড় ওঠে। শেষ পর্যন্ত লোকলজ্জা ও সামাজিক অপবাদের হাত থেকে বাঁচতে এবং সমাজ তাঁদের এই সম্পর্ককে স্বীকৃতি দেবে না বুঝতে পেরেই, তাঁরা বাড়ি থেকে কিছুটা দূরে পূর্ব কুঞ্জবন গ্রাম পঞ্চায়েতের গভীর জঙ্গলে গিয়ে এক গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার পথ বেছে নেন।
পুলিশ ঘটনার একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত শুরু করেছে। দুটি পরিবারের তরফ থেকেই এই ঘটনার পর গভীর শোক প্রকাশ করা হয়েছে।
