মনশ্রী দেবনাথের পাশে রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, চিকিৎসার জন্য আর্থিক সহায়তা ও প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে আবেদন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ জুলাই || রাজ্যের কন্যা মনশ্রী দেবনাথ দীর্ঘদিন ধরে এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ। এই কঠিন সময়ে মনশ্রী ও তাঁর পরিবারের পাশে দাঁড়ালেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য।
রবিবার আগরতলার বাধারঘাটস্থিত মনশ্রীর বাসভবনে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন সাংসদ রাজীব ভট্টাচার্য। এ সময় তিনি মনশ্রীর চিকিৎসার জন্য ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা প্রদান করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত হন।
শুধু আর্থিক সহায়তাই নয়, মনশ্রীর উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তার আবেদন জানিয়ে একটি চিঠিও পরিবারের হাতে তুলে দেন তিনি। দ্রুত প্রয়োজনীয় সহায়তা পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন সাংসদ।
সাংসদের এই মানবিক উদ্যোগে মনশ্রীর পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পাশাপাশি সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষদেরও মনশ্রীর চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবারের সদস্যরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*