ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মজয়ন্তী উদযাপন: টাউন হলের সামনে পূর্ণাবয়ব মূর্তির শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ জুলাই || মহান শিক্ষাবিদ, প্রখর রাষ্ট্রচিন্তক ও দেশপ্রেমিক ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
অনুষ্ঠানে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে মুখ্যমন্ত্রী বলেন, তাঁর আদর্শ, দেশপ্রেম এবং জাতি গঠনে অসামান্য অবদান আগামী প্রজন্মের কাছে চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে।
এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী টাউন হলের সম্মুখে তাঁর পূর্ণাবয়ব মূর্তি স্থাপনের লক্ষ্যে শিলান্যাস করা হয়েছে। তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্ম ডঃ মুখার্জীর জীবনাদর্শ ও দেশসেবার চেতনাকে আরও নিবিড়ভাবে জানতে ও অনুসরণ করতে পারবে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর দেখানো আদর্শের পথ অনুসরণ করে একটি শক্তিশালী, আত্মনির্ভর ও সমৃদ্ধ ভারত গড়ে তুলতে রাজ্য সরকার অঙ্গীকারবদ্ধ।
অনুষ্ঠানে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি, প্রশাসনিক আধিকারিক, তথ্য ও সংস্কৃতি দপ্তরের কর্মকর্তাসহ বহু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। শ্রদ্ধাঞ্জলি, মাল্যদান এবং স্মৃতিচারণের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মজয়ন্তী উদযাপিত হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*