আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ জুলাই || জেনিথ ও চিত্রাঙ্গনের যৌথ উদ্যোগে আগামী ১৪ থেকে ১৭ জুলাই পর্যন্ত আগরতলার ললিতকলা একাডেমির আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় জাতীয় দলীয় শিল্পকলা প্রদর্শনী ‘সৌল অন ক্যানভাস’। চারদিনব্যাপী এই প্রদর্শনীতে দেশের বিভিন্ন রাজ্যের ৪০ জনেরও বেশি শিল্পী তাঁদের চিত্রকর্ম ও ভাস্কর্য প্রদর্শন করবেন।
১৪ জুলাই বিকেল ৫টায় প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রিসভার সদস্য টিঙ্কু রায়। এছাড়াও উপস্থিত থাকবেন ললিতকলা একাডেমির গ্রাফিক সুপারভাইজার এস. সুরেশ কুমার, গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটের প্রিন্সিপাল-ইনচার্জ অভিজিৎ ভট্টাচার্য, ললিতকলা একাডেমি, নয়াদিল্লির জিসি/ইবি সদস্য সুমন মজুমদার এবং বিশিষ্ট শিল্পী সংঘমিত্রা নন্দী।
প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। ১৫ জুলাই সারাদিনব্যাপী একটি চিত্রশিল্পী শিবিরেরও আয়োজন করা হয়েছে, যেখানে অংশগ্রহণকারী শিল্পীরা উপস্থিত থাকবেন।
আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রত্যেক শিল্পীকে শংসাপত্র, শুভেচ্ছা স্মারক, উত্তরীয় এবং একটি স্মারক প্রকাশনা প্রদান করা হবে।
আসামের জেনিথ এবং পশ্চিমবঙ্গের চিত্রাঙ্গনের উদ্যোগে আয়োজিত এই জাতীয় স্তরের শিল্পকলা প্রদর্শনীতে ত্রিপুরার শিল্পপ্রেমী ও সাধারণ মানুষকে পরিবার-পরিজনসহ উপস্থিত থেকে প্রদর্শনী উপভোগ করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।
