টানা বর্ষণে জলমগ্ন সাব্রুম-বৈষ্ণবপুর সড়ক, ড্রেন সংস্কারের দাবিতে ক্ষোভ এলাকাবাসীর

বলরাম দেবনাথ, সাব্রুম, ০৮ জুলাই || গত দুই দিনের টানা বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে সাব্রুম নগর পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডের সাব্রুম-বৈষ্ণবপুর প্রধান সড়ক। ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় সামান্য বৃষ্টিতেই এলাকায় কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে চরম দুর্ভোগের মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহন চালকেরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তার জল নিষ্কাশনের একমাত্র ড্রেনটি দীর্ঘদিন ধরে সংস্কার বা পরিষ্কার করা হয়নি। ফলে ড্রেনে পলি ও আবর্জনা জমে জল চলাচলের পথ কার্যত বন্ধ হয়ে গেছে। গত দুই দিনের ভারী বৃষ্টিতে জমে থাকা অতিরিক্ত জল ফেনী নদীতে নিষ্কাশিত হতে না পেরে উপচে প্রধান সড়কের ওপর চলে আসে। এর জেরেই পুরো এলাকা জলমগ্ন হয়ে পড়ে।
জলাবদ্ধতার কারণে সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পথচারীদের হাঁটাচলা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং ছোট যানবাহনের চালকদের প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা স্বপন দেবনাথ বলেন, “দীর্ঘদিন ধরে ড্রেন সংস্কার বা পরিষ্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ড্রেন বুজে যাওয়ার কারণেই সামান্য বৃষ্টিতেই ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। আমরা দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান চাই।”
এলাকাবাসীর দাবি, বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আগেই প্রশাসন যেন জরুরি ভিত্তিতে ড্রেন সংস্কার ও পরিষ্কারের কাজ শুরু করে। পাশাপাশি ফেনী নদীতে জল নিষ্কাশনের ব্যবস্থা স্বাভাবিক করে সাধারণ মানুষকে দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*