নবারুণ চক্রবর্তী, সাব্রুম, ১০ জুলাই || বর্ষা মৌসুমে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিশ্চিত করতে দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার এক বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সাব্রুম মহকুমা শাসক (এসডিএম) কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) ১১৪ ও ১২১ ব্যাটেলিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টরা এবং সাব্রুমের এসডিপিও শান্তনু বিশ্বাস।
সভায় সভাপতিত্ব করেন সাব্রুমের মহকুমা শাসক সুমন রক্ষিত। বৈঠকের শুরুতেই তিনি স্লাইড প্রজেক্টরের মাধ্যমে রাজ্য ও কেন্দ্র সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন নির্দেশিকা বিস্তারিতভাবে উপস্থাপন করেন। পাশাপাশি বর্ষাকালে সম্ভাব্য বন্যা, ভূমিধস, ঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয় বিষয়েও বিস্তারিত আলোচনা করেন।
পরে মহকুমার বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকদের কাছ থেকে দুর্যোগ মোকাবিলায় তাঁদের বর্তমান প্রস্তুতি, প্রয়োজনীয় সরঞ্জাম, জনবল এবং অবকাঠামোগত সক্ষমতা সম্পর্কে খোঁজখবর নেন এসডিএম। প্রতিটি দপ্তরকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি পারস্পরিক সমন্বয় বজায় রেখে কাজ করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
সভায় সুমন রক্ষিত বলেন, বর্ষাকালে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের প্রতিটি দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সময়মতো তথ্য আদান-প্রদান, দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই প্রশাসনের প্রধান লক্ষ্য।
বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, আপৎকালীন পরিস্থিতিতে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখতে প্রশাসন, পুলিশ, বিএসএফ এবং সংশ্লিষ্ট সব সরকারি দপ্তর সর্বদা প্রস্তুত থাকবে। পাশাপাশি যেকোনো দুর্যোগের সময় দ্রুত উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রমে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করার ওপরও জোর দেওয়া হয়।
প্রশাসনের এই সমন্বিত উদ্যোগ বর্ষা মৌসুমে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
